Kalkathon.com
Kalkathon.com
সংবাদটির পরিচ্ছন্ন প্রিন্ট সংস্করণ
সারাদেশ

ভালুকায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রতিবেদক: Kalkathon.com প্রকাশ: Oct 10, 2026 প্রিন্ট: 10 Oct 2026, 04:02 PM
ভালুকায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
 প্রতিবেদক | ভালুকা, ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ এবং অন্তঃসত্ত্বা করার অভিযোগে তার বাবা আব্দুল মোতালেককে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তারের পর শনিবার (১০ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আব্দুল মোতালেক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ভালুকা উপজেলার কাঠালী এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ঢাকার কলাবাগান থানা এলাকার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। গত ২২ মে কয়েক দিনের ছুটিতে সে ভালুকার কাঠালী এলাকায় বাবা-মায়ের কাছে বেড়াতে আসে। পরে ২৫ জুন ঢাকায় ফিরে আবারও আগের বাসায় কাজে যোগ দেয়।

সম্প্রতি কিশোরীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে বাসার মালিকের সন্দেহ হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিশোরী জানায়, কাঠালী এলাকায় বেড়াতে আসার পর তার বাবা আব্দুল মোতালেক তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

বিষয়টি জানার পর বাসার মালিক কৌশলে কিশোরীর বাবা-মাকে ডেকে আনেন এবং পরে তাদের কলাবাগান থানা পুলিশের কাছে নেওয়া হয়। কিশোরীর মা ও বাসার মালিকের জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্ত বাবা প্রাথমিকভাবে মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

পরবর্তী সময়ে কলাবাগান থানা পুলিশ অভিযুক্তকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

পুলিশের পরবর্তী তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ায় অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কালকথন ডট কম
Official print copy